বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৫০

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার : পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম । ফাইল ছবি

ঢাকা, ৫ এপ্রিল ২০২৬ (বাসস) : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি বলেছেন, সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়াতে, অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে।

আজ রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রী'র অফিসকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ২০ টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লীজ দিতে কাজ করছে যার মধ্যে ১৪ টা মিলের লীজ প্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে।

তিনি বলেন,  পাটকল ও পাট শ্রমিকদের নিয়ে আপনাদের দাবীগুলো সামনে বিবেচনা করে দেখবো। বিগত সরকারের আমলে এখাতে মনোযোগ দেয় নি। আপনাদের বাস্তবায়নযোগ্য দাবীগুলো পূরণে আমরা দ্রুতই কাজ করবো।

চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ আল নোমান,এমপির নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান বলেন, বন্ধ থাকা পাটকলকে রাষ্ট্রীয়ভাবে পাইলটিং করে চালু করার দাবি জানাচ্ছি।

পাট শ্রমিক দলের নেতৃবৃন্দ বলেন, এ সেক্টরে উন্নত দেশ থেকে কারিগরি সহায়তা এনে, বেসরকারি মডেলের মতো পাট মিল থেকে অতিরিক্ত লোকবল আর ব্যবস্থাপনার জন্য মাথাভারী প্রশাসন দিয়ে  মিলগুলো চালু করলে তা লাভজনক হবে না।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা কমিটির আট ( ৮) দফা দাবি লিখিতভাবে পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো- রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পাটকলগুলো চালু করা; পলিথিনের কাঁচামাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা; পাটকে কৃষি শিল্প হিসেবে শিল্প সুবিধাদি দেয়া; পাটকল শ্রমিকদের বিধিগত সমুদয় পাওনা পরিশোধ; মিলগুলোর মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়া থেকে সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি।