বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৯:০২

রেশমের উন্নয়নে কাজ করছে সরকার : পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : সরকার দেশীয় ঐতিহ্য রেশমের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

আজ মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অফিসকক্ষে জাপানভিত্তিক প্রতিষ্ঠান অনোডা ইনকের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

শরিফুল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাতে রেশম খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দারিদ্র্য হ্রাসে রেশম খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখাতের জনবলের অধিকাংশই গ্রামীণ দুঃস্থ মহিলা। এই শিল্প উন্নত করলে গ্রামীণ কর্মসংস্থান বাড়াবে। তবে এজন্য বিদেশি বিনিয়োগ আনতে হবে। সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, রেশম খাতে জড়িত দুস্থ মহিলাদের ‘ফ্যামিলি কার্ড’ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় কাজ করছে সরকার। এখাতের সঙ্গে সংশ্লিষ্ট বন্ধ থাকা কারখানাগুলো চালু করতে উদ্যোগ গ্রহণ করা হবে।

ঐতিহ্যবাহী রেশম শিল্পের উন্নয়ন ও বিকাশে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক অধ্যাদেশে ‘বাংলাদেশ রেশম বোর্ড’ সৃষ্টি করা হয়। বর্তমানে দেশের ৩২ জেলার ৫২ উপজেয় এর কার্যক্রম চলছে। রেশম সুতার মান আরও ভালো করা দরকার। সেজন্য উন্নত গবেষণার প্রয়োজন।