শিরোনাম

ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ৬টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙালি জাতি বিশেষভাবে পালন করে থাকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘বিসিজিএস কুতুবদিয়া’ (বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাট, চাঁদপুর) ‘বিসিজিএস শেটগাং’ (বিসিজি বেইস কাশীপুর পন্তুন, নারায়ণগঞ্জ), ‘বিসিজিএস তাজউদ্দিন’ (১৫ নং ঘাট, পতেঙ্গা), ‘বিসিজিএস শ্যামল বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম, ইছা নগর), ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মোংলা) এবং ‘বিসিজিএস তৌহিদ’ (রুপসা, খুলনা) জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখে।
আজ দুপুর ২টা থেকে জাহাজ পরিদর্শন করতে এসব এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এছাড়াও জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতূহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তা এবং নাবিকগণ। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে আগত জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।