শিরোনাম

চট্টগ্রাম, ৫ মার্চ, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরীর চকবাজার ও গরীবুল্লাহ শাহ এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পৃথক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ জরিমানা করেন।
অভিযানে চকবাজার এলাকার ‘সাতকানিয়া ভাত ঘর’-এ রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং জিলাপি তৈরিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রাসায়নিক (হাইড্রোজ) ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার ‘হোম রেসিপি অ্যান্ড সুইটস’ এ নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশ, খোলা ডাস্টবিন, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ, মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা সংরক্ষণের অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দুই প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।