বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ সকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘জনগণের জান-মাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, নায়েবে আমির আবদুর রহমান মুসা এবং উভয় আসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরে চলমান উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।