বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০

আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নির্দেশনা শ্রমিক দলের

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজি প্রতিরোধে সংশ্লিষ্ট সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কঠোর নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় এমন উদ্যোগ নিয়েছে শ্রমিক দল। 

বৃহস্পতিবার দলটির প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়কারী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ডেকে নিয়ে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের কাছে পাঠানো শ্রমিক দলের নোটিশে বলা হয়, অফিস আদালতের শ্রমিক-কর্মচারী, যানবাহনের যাত্রী ও  পথচারী এবং সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিল-কলকারখানা, যানবাহন, ফুটপাত, দোকানপাট, অফিস-আদালতপাড়া ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিক-কর্মচারী ভাই-বোনদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে যে, দেশে প্রচলিত আইনশৃঙ্খলা পরিপন্থী যেকোনো ধরনের কর্মকাণ্ড বিশেষ করে বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকেও বিরত রাখুন।

পাশাপাশি আশপাশে সংঘটিত যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত অবহিত করা এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

নোটিশে আরো বলা হয়, এ বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় ও সকল পর্যায়ের  নেতাকর্মীদের করণীয় নির্ধারণের জন্য সকল ইউনিট ও বিভাগীয় কমিটিকে জরুরি সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।

এছাড়াও প্রতিটি বিভাগীয় পর্যায়ের সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান  সমন্বয়কারী এবং সংসদীয় আসন-৭২ (পাবনা-৫) এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।