শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি ব্যাটারি চালিত অটো রিকশা উদ্ধার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
এ সময় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— নুর হোসেন (৩৬) ও নিজাম (৩৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদপুর থেকে এক যাত্রীকে নিয়ে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন অটোরিকশা চালক রাজু (২৪)।
ধানমন্ডিতে পৌঁছানোর পর যাত্রী চালককে (চেতনানাশক মিশ্রিত) লাবাং খাওয়ার জন্য অনুরোধ করেন।
সরল বিশ্বাসে চালক তা খাওয়ার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়েন। এ সুযোগে ছদ্মবেশী যাত্রী ( চোর) অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।
এ ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
ধানমন্ডি থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর ধানমন্ডি থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থানার মনেশ্বর রোড এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে নুর হোসেন ও নিজামকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত থেকে ছয়টি অটোরিকশা উদ্ধার করা হয়।