শিরোনাম

সিরাজগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেছেন, জেলার মনসুর আলী মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যার সমাধান শুধু কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় সম্ভব নয়। দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ডা. এম এ মুহিত বলেন, গত ১৫-১৭ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ সম্পদ পাচার হয়েছে। এ পরিস্থিতি থেকে বের হতে হলে সমাজে দায়িত্বশীলতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার। হাসপাতালের সামনে অবৈধ দখল বা স্থাপনা থাকলে তা সাময়িকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অপসারণ করা সম্ভব। তবে দীর্ঘমেয়াদে স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ জরুরি। এই হাসপাতাল জনগণের অর্থে নির্মিত। এটি সবার সেবার জন্য। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এখানে দখলদারিত্ব করে, তা নাগরিক অধিকারের পরিপন্থী। অন্যায় দেখলে সবাইকে প্রতিবাদ করতে হবে।
ডা. মুহিত আরও বলেন, সিরাজগঞ্জে মেডিক্যাল কলেজে স্থাপনা, লোকবল ও যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। তবে এ সংকট শুধু সিরাজগঞ্জে নয়, সারা দেশেই স্বাস্থ্য খাতে জনবল সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্রমা সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, মহাসড়কসংলগ্ন এলাকায় দুর্ঘটনা বিবেচনায় কেন্দ্রটি নির্মাণ করা হলেও বিভিন্ন কারণে তা চালু হয়নি। অগ্রাধিকারের ভিত্তিতে ট্রমা সেন্টারটি চালুর ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্য খাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেট বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত করতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।