বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৬

দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে: জাহাঙ্গীর আলম এমপি

ছবি: বাসস

দিনাজপুর, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, এদেশে সব ধর্মের মানুষ স্বাধীন ভাবে নিজেদের ধর্ম পালন করবে এবং মাথা উঁচু করে নিজ বাসস্থানে বসবাস করবে । কোন মহলের রক্ত চক্ষুকে ভয় না করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে কেউ বাধা দিতে পারবেনা।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উত্তর গোপালপুর দুর্গা-শিব মন্দির প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণ দেবের শুভ জন্মতিথি পূজা ও উৎসব সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রায় একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে দেশ পরিচালিত হচ্ছে।দেশের মানুষের মাঝে এখন গণতন্ত্রের সুবাতাস প্রবাহিত হচ্ছে। মানুষ সর্বত্রই স্বাধীনভাবে চলাফেরা করছেন। এই অবস্থা আগামী দিন গুলোতে চলমান রাখতে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলকে সহযোগীতা করার আহ্বান জানান।

সদর উপজেলার উত্তর গোপালপুর পূজা কমিটির সভাপতি অজিত অধিকারীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪ নম্বর শেখপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজগার আলী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্প পরিচালক জগদীশ চন্দ্র রায়, সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. আসুতোষ দেবশর্মা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির আহ্বাায়ক উত্তম কুমার রায়।

অনুষ্ঠানে স্থানীয় মন্দিরের শিশু শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘দস্যু রত্নাকর’ নাটক পরিবেশন করেন। ধর্মীয় অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরেন্দ্র নাথ রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিহির কুমার রায়।