শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ অভিযানে ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, অভিযোগকারীর মতে, তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীন পাঁচটি প্রকল্পের কাজ সাব-কন্ট্রাক্ট চুক্তিপত্রের মাধ্যমে সম্পাদন করে বিল দাখিল করেন। বিল প্রদানের শর্ত হিসেবে উক্ত কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ তার নিকট ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
পরবর্তীতে অভিযোগকারী বাধ্য হয়ে ঘুষের অর্থ প্রদান করতে সম্মত হন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), নোয়াখালী জেলা কার্যালয়ে ফাঁদ মামলা পরিচালনার জন্য আবেদন করেন।
কমিশনের অনুমোদনক্রমে পরিচালিত ফাঁদ অভিযানে আজ নগদ ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে দুদকের ট্র্যাপ টিম সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল-সাঈদ এবং তার এক সহযোগী কার্যসহকারী আবু নাসেরকে হাতেনাতে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ এবং জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে দুদক।