শিরোনাম

চট্টগ্রাম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতিসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরীর প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ নামের একটি রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক জানান, অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়।
তিনি বলেন, রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং তাদের তৈরী ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
এই সব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে, তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে জানান তিনি।