শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সিটি কর্পোরেশনের চলমান সকল টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।
একইসঙ্গে বিগত সময়ে টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে এবং সকল অভিযোগের যথাযথ তদন্ত করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে ডিএনসিসি’র অঞ্চল-১, ৬, ৭ ও ৮-এর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অবৈধভাবে সিটি কর্পোরেশনে আর কোনো কাজ হবে না। আমি এখানে কাজ করতে এসেছি। জনগণ যেন উপলব্ধি করতে পারে যে আমরা শহরের উন্নয়নের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি।’
তিনি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে মনোযোগী হওয়া এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন।
মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশাসক বলেন, শুধু মশার ওষুধ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না। এর জন্য কার্যকর মনিটরিং ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এ সময় তিনি মশককর্মীদের সময়মতো ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনগণের সেবা করাই মূল লক্ষ্য। বিগত সময়ে নতুন ওয়ার্ডগুলোতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি দক্ষিণখানের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং উত্তরখানের বাসিন্দাদের সুবিধার্থে সেখানে সিটি কর্পোরেশনের অফিস স্থাপনের আহ্বান জানান।
সভায় ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এছাড়া সভায় হকার ব্যবস্থাপনা ও অটোরিকশা নিয়ন্ত্রণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট অঞ্চলসমূহের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।