বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৯

মির্জা ফখরুলের বাড়ি থেকে ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার স্থাপন শুরু

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও শহরের পৈত্রিক বাসভবন থেকে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও শহরের পৈত্রিক বাসভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরিবারের পক্ষ থেকে এই মিটার গ্রহণ করেন মন্ত্রীর ছোট ভাই এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন।

উদ্বোধনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে তার বাসভবনেই আধুনিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়। 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে এসব মিটার স্থাপন করা হবে।

কর্তৃপক্ষ আরো জানায়, প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকরা নিজেদের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন, অপচয় কমবে এবং ভুতুড়ে বিলের ঝামেলাসহ বিল সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে পুরো জেলায় এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় ডিজিএম সাজ্জাদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অবসর প্রাপ্ত) এবং প্রি-পেইড মিটার কর্মসূচিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত মামুনূর রশীদ, সদ্য বদলীকৃত নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, নবাগত নির্বাহী প্রকৌশলী সুমন অধম।