শিরোনাম

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী চলমান অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলীযুক্ত চিংড়ি উদ্ধারসহ ৩০৬ জনকে আটক করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশ জানায়, গত সাত দিনব্যাপী পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ১১৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯৯৩ কেজি মাছ, ৭ হাজার ২০০টি রেণু পোনা ও ৮০ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় নদী থেকে ৩১০টি ঝোপঝাড় ধ্বংস করা হয়।
এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ১০৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা করা হয় এবং ৪টি ড্রেজার জব্দ করা হয়।
অভিযানকালে ৩০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ৫৬টি মৎস্য আইন, ২৪টি বেপরোয়া গতি আইন, ৯টি অপমৃত্যু, ১টি বালুমহাল, ১টি নদী দূষণ এবং ১টি চুরি মামলাসহ মোট ৯২টি মামলা দায়ের করা হয়।
জব্দ করা অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা পানিতে অবমুক্ত করা হয় এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।