বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯

জাল সার্টিফিকেট দিয়ে চাকরি: ৭ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন জাল সার্টিফিকেট দেখিয়ে ২০ বছর ধরে চাকরি করে আসছিল। এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় জাল সার্টিফিকেট প্রদান এবং সেই সার্টিফিকেটে চাকরি দেয়ায় সংশ্লিষ্ট সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

২০২৩ সালের ২৯ আগস্ট এ দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা দায়ের করা হয়।

দুদক জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন জাল সার্টিফিকেট দেখিয়ে ২০ বছর ধরে চাকরি করে আসছিল। এ সংশ্লিষ্ট একটি মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাওয়ায় এ চার্জশিট দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের উচ্চমান সহকারী মো. দেলোয়ার হোসেন, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর-রশীদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার সাবেক চেয়ারম্যান মো. আব্দুস ছালাম, একই বোর্ডের উপসচিব (প্রশাসন) এ.কে.এম সাহাব উদ্দিন, সাবেক সেকশন অফিসার সৈয়দ মকবুল হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান এবং মোছা. নুসরাত জাহান।

দুদক জানায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫-এর উপবিধি (১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১/৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং ২০০৪ সালের আইনের ২৭(১) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।