শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, আগামী ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হবে। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য হলো—‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
এদিকে আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ইসি’র জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠান সূচি থেকে জানা গেছে, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১৭ ফাল্গুন ২ মার্চ সোমবার সকাল ১১টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমন্ত্রণ জানানো হবে বলে আজ ইসি’র জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বাসসকে জানিয়েছেন।