শিরোনাম

সিলেট, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বুধবার দুপুরে সিসিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবাইকে নিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে চাই। নগরবাসীর সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। অগ্রাধিকারভিত্তিতে মশামুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন নগর গড়তে চাই।
তিনি বলেন, নতুন মন্ত্রিসভায় সিলেটের দুজন মন্ত্রী রয়েছেন। শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এবং শ্রম ও জনশক্তি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা নিয়ে নগরবাসীর সর্বোচ্চ সেবা ও উন্নয়ন নিশ্চিত করবো।
এর আগে সকাল সাড়ে ১১টায় তিনি ঢাকা থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল (রহ.) এবং হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রেজাই রাফিন সরকারসহ করপোরেশনের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।