বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৩

দেলোয়ার হোসেনকে বাইশিমাসের প্রশাসক নিয়োগ

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) প্রশাসক হিসেবে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রলায়রের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ (১) ধারা অনুযায়ী জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, প্রশাসক দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করবেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেয়াজ উদ্দিন স্বাক্ষরিত এ আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।