শিরোনাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সময়সূচির গণবিজ্ঞপ্তি প্রকাশ, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ, প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিস খোলা এবং ছবিসহ ও ছবিছাড়া ভোটার তালিকার ব্যবহার বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার রাতে ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৪৫ শেরপুর-৩ আসনের নির্বাচনে এবং নির্বাচনী এলাকা ৪১ বগুড়া-৬ শূন্য আসনের নির্বাচনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা হতে একজন করে সদস্য নির্বাচনের লক্ষ্যে ভোটারগণকে আহবান জানিয়ে ২৪ ফেব্রুয়ারি জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নে বর্ণিত সময়সূচি ঘোষণা করেছেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী এই দুটি আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ২ মার্চ সোমবার পর্যন্ত। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মার্চ।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৬ থেকে ১০ মার্চ। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ। প্রতীক বরাদ্দের তারিখ ১৫ মার্চ।
সময়সূচি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি:
এতে বলা হয়েছে, রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময় ও স্থান উল্লেখ করে একই গণবিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপত্র আহবান করতে হবে। মনোনয়নপত্র অফিস চলাকালীন সময় অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি ছুটির দিনসহ বিতরণ ও গ্রহণ করা হবে।
আরও উল্লেখ্য যে, নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের নিকট প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী কর্তৃক সরাসরি মনোনয়নপত্র দাখিল করা যাবে।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা: নির্বাচনের তফসিল ঘোষণার পর উল্লিখিত সময়সূচি অনুসারে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে বিশেষ করে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল গ্রহণের দিনসমূহ ও প্রতীক বরাদ্দসহ গুরুত্বপূর্ণ দিনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের অফিস, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের অফিস ও উপজেলা/থানা নির্বাচন অফিসারের অফিস সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে রমজান পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এবং রমজান শেষে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
তাছাড়া মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং বাছাই বা গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি, প্রার্থীতা প্রত্যাহার, প্রতীক বরাদ্ধ ও এই সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে উল্লিখিত অফিসসমূহ খোলা রাখা এবং প্রয়োজনে অফিস সময়ের পরেও অফিস খোলা রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তবে বিশেষভাবে উল্লেখ্য যে মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত শেষ দিন এবং প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্ধারিত শেষ দিন বিকাল সাড়ে ৩টার পর কোন মনোনয়নপত্র দাখিল বা গ্রহণ করা যাবে না অথবা কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন না।