বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৬

শহীদ সেনা দিবসে এবি পার্টির শ্রদ্ধা

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শহীদ সেনা দিবস উপলক্ষ্যে এবি পার্টি রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে।

দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পিলখানার হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। দেশ রক্ষার শপথ নিয়ে দায়িত্ব পালনরত ৫৭ জন মেধাবী ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ওই ঘটনায় নির্মমভাবে প্রাণ হারান, যা সমগ্র জাতিকে গভীর শোক ও বেদনায় নিমজ্জিত করেছিল।

বিবৃতিতে তারা বলেন, শহীদ সেনা দিবস কেবল স্মরণের দিন নয়, এটি আত্মসমালোচনা ও অঙ্গীকারের দিন। 

শহীদদের আত্মত্যাগকে প্রেরণা হিসেবে নিয়ে করে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।

নেতৃদ্বয় দাবি করেন, তৎকালীন সরকার এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তারা ঘটনার পূর্ণাঙ্গ সত্য উদঘাটন, প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন।

বিবৃতিতে শহীদ সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।