শিরোনাম

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে মশাল মিছিলের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়ার ঘটনায় আজ উদ্বেগ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। এই ইভেন্টের সাথে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই। আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন প্রচারণা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই-বাছাই করে দেখা এবং গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।