শিরোনাম

চট্টগ্রাম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। আজ বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আমিন বিএনপির মনোনয়নে নির্বাচন করে বিজয়ী হন। ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা থেকে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তাকে বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংসদ সদস্যের গাড়িচালক মনির হোসেন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী নামক এলাকায় হঠাৎ সামনে একটি মোটরসাইকেল চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে। এতে এমপি মহোদয় ও আমি আহত হই।’
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাইয়ের বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয়।
কমফোর্ট হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, তিনি মুখ, কোমর, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আপাতত তিনি শঙ্কামুক্ত থাকলেও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
জানতে চাইলে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পার্শবতী ফেনী জেলায় হওয়ায় কীভাবে সড়ক দুর্ঘটনা ঘটেছে, তা জানা নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। সংসদ সদস্যকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’