বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৫

জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘আন্তঃবিভাগীয় সমন্বয়’

ছবি : বাসস

রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহী বিভাগে জাতীয় নির্বাচন ও গণভোট অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রক্রিয়ার মাধ্যমে এখানে যে আন্তঃবিভাগীয় সমন্বয় গড়ে উঠেছে, তা ভবিষ্যতে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ সোমবার সকালে নিজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমন্বয় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, কোনো কাজ যেন আমরা অন্যের কাজ মনে না করি, সকল কাজে যেন আমরা অংশগ্রহণ করি। নিজের কাজগুলো তো আমরা করবই, সেই সাথে অন্য দপ্তরের কাজগুলোর কিছু কিছু করে যদি আমরা খোঁজ রাখি, তাহলে আমাদের এই দেশ ও সমাজটা সুন্দরভাবে তৈরি করতে পারব।

তিনি জানান, রাজশাহী বিভাগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রায় ৭২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যা জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি এবং দেশের আটটি বিভাগের মধ্যে সিলেটের পর দ্বিতীয় সর্বোচ্চ।

প্রতিটি বিভাগের কর্মকর্তা ভোটার উপস্থিতি নিশ্চিত করতে নিয়মিত দায়িত্বের বাইরে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এজন্য তিনি সকল কর্মকর্তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৪৮তম বিশেষ বিসিএস এর মাধ্যমে এই বিভাগে প্রতি উপজেলার জন্য সাত-আট জন করে মোট ৪৫০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। 

বিদ্যুৎ বিভাগ জানায়, রোজা ও সেচ মৌসুম উপলক্ষ্যে লোড ম্যানেজমেন্টের জন্য তারা কন্ট্রোল রুম চালু করছে।

খাদ্য বিভাগ জানায়, এ বছর রাজশাহী বিভাগে লক্ষ্যমাত্রার দ্বিগুণ খাদ্য সংগ্রহ করা হয়েছে এবং সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল মজুত রয়েছে। 

কৃষি বিভাগ জানিয়েছে, ডাল ছাড়া সব ধরনের খাদ্যশস্য এই বিভাগে উদ্বৃত্ত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত খাদ্যশস্য দেশের বিভিন্ন স্থান সরবরাহ করা হচ্ছে। দেশের চাহিদার ২৪ শতাংশ আলু এ বিভাগ থেকে সরবরাহ করা হয়। 
সভায় পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি জানান, রাজশাহী বিভাগের বিভিন্ন নদী খননের জন্য বেশ কিছু প্রকল্প চালু আছে এবং নতুন করে খননের জন্য প্রকল্প পাস হয়েছে।

তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প সম্প্রতি একনেকে পাস হয়েছে, যার মাধ্যমে আগামী বর্ষার আগেই নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।

সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতাহারে ঘোষিত ফ্যামিলি কার্ড প্রদানের জন্য নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে এবার ছয়টি জটিল রোগের চিকিৎসায় ২০০ জন রোগীর জন্য ৫০ হাজার টাকা করে ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

সভায় বিভাগীয় কমিশনার কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার পাচার এবং আন্তঃউপজেলা স্থানান্তর রোধে নিবিড় মনিটরিংয়ের অনুরোধ জানান।

সভায় রাজশাহী বিভাগের আট জেলার বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।