বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশনের সময় ১ মার্চ পর্যন্ত বর্ধিত

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ই-রেজিস্ট্রেশনের সময় ১ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রোবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানসমূহের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পর্যন্ত নির্ধারিত ছিল। এই সময়সীমা আগামী ১ মার্চ, ২০২৬ রাত ১২ ঘটিকা পর্যন্ত বর্ধিত করা হলো।

এছাড়া যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল প্রদান করেছেন, সেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান এই সময়ের মধ্যে ভুল সংশোধন ( এডিট) করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।

উল্লেখ্য, এনটিআরসিএ’র আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্যপদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণা করা হবে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শূন্যপদের চাহিদা এনটিআরসিএ-তে প্রেরণের সুযোগ নেই।