শিরোনাম

রাঙ্গামাটি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জুরাছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ধনপূর্ণ চাকমার নেতৃত্বে তিনজন সদস্য পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পাঠানো সহায়তা ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারের মধ্যে নগদ অর্থ, কাপড়, চাল, ডাল, তেল, লবণ, সাবান খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের ২৫ জন শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে স্থানীয় ওয়ার্ড সদস্য যুদ্ধ মুনি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, রাজেশ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ২০ ফেব্রুয়ারি জুরাছড়ির সীমান্তবর্তী দুর্গম এই গবছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘরসহ অন্তত ৪০টি স্থাপনা পুড়ে যায়।