বাসস
  ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা 

‘মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা আজ খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘মাদকমুক্ত সমাজ গঠনসহ পরিবেশ ও প্রকৃতি রক্ষায় শিক্ষক-শিক্ষিকার ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা আজ খুলনা পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম। বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। দিনদিন এর প্রসারতা নারী-পুরুষের মাঝে বেড়েই চলছে। সুস্থ দেশ ও জাতি গড়তে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এটিকে নির্মূল করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষার পূর্বে পরিবার থেকেই শিক্ষার হাতে খড়ি হয়ে থাকে। শিক্ষার মাধ্যমে মানুষ কাঙ্খিত আচার-আচরণের লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষকরাই পারে কোমলমতি সন্তনদেরকে গাইড লাইনের মাধ্যমে সঠিক শিক্ষা দিতে। 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা উন্নত বিশ্বের মতো সচেতন না হওয়ার ফলে আমরা বিভিন্ন সময়ে নানা জটিল সব রোগের দ্বারা আক্রান্ত হয়ে পড়ছি। তাই পরিবেশ সুরক্ষা ও মাদকাসক্তির এই ভয়াবহতা থেকে বের হয়ে আসাই একজন প্রকৃত শিক্ষিত ব্যক্তির পরিচয় বহন করে।

সভায় অন্যান্য অতিথিরা বলেন, আধুনিক ডিভাইস মাদকের মতোই ভয়াবহ। কোমলমতি সন্তানরা এই ডিভাইসের প্রতি দিন দিন আসক্ত হয়ে পড়ছে। যার ফলে তারা মনের সুকুমার বৃত্তি চর্চা থেকে বিরত হয়ে পড়ছে।

খুলনা পিটিআই এর সুপারিনটেডেন্ট মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়েন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ, বিএল কলেজের সাবেক ভিপি অ্যাড. শেখ জাকিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রকিবুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন পিটিআই এর সহকারী সুপারিনটেডেন্ট আব্দুল আল মামুন খান। 

সভায় সুশীল সমাজের প্রতিনিধি রুমা মন্ডল বক্তৃতা করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাড. শেখ অলিউল ইসলাম।