বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৭

উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল

ছবি : বাসস

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : চীন (হংকং) ভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড উত্তরা ইপিজেডে একটি তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপনে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আজ বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে।

ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আয়োজিত এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে ২৪ হাজার বর্গমিটার জায়গার উপর কারখানা নির্মাণ করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কারখানাটিতে বছরে প্রায় ৭০ লাখ পিস বিভিন্ন ধরনের ওভেন ও নিট গার্মেন্টস- যেমন: বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সকল প্রকার জার্সি উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান সকল ধরনের সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ প্রদানে বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের গুরূত্ব প্রদানে বিশেষভাবে অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও বলেন, আগের তুলনায় আরও দক্ষ, আধুনিক ও বিনিয়োগকারী-সহায়ক সেবা প্রদানে বেপজা দৃঢ় প্রতিজ্ঞ। একইসঙ্গে  তিনি দেশের রপ্তানিমুখী শিল্পের পাশাপাশি দেশীয় শিল্পখাতকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান।

জি ঝেনিউ বেপজার বিনিয়োগবান্ধব নীতির প্রতি পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাস থেকে কারখানার নির্মাণ কাজ শুরু হবে এবং আগামী বছর থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।