শিরোনাম

রংপুর, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, ‘বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।’
শনিবার বিকেলে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আঞ্জুমান সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদাত আলী এবং বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার এতে বক্তব্য রাখেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমি জীবনে কখনও পক্ষপাতিত্ব করিনি এবং ভবিষ্যতেও করার কোন প্রশ্নই ওঠে না। নির্বাচিত হওয়ার আগেও এই এলাকায় দু’টি উপজেলার মানুষের কল্যাণে কাজ করেছি।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতেও আমার নির্বাচনী এলাকার জনগণের উন্নয়ন ও কল্যাণে সরকারি ও বেসরকারি খাতের সহায়তায় কাজ করে যাব। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ আমাকে আন্তরিক ভালোবাসা দিয়ে বিপুল ভোট দিয়েছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। সেই ভালোবাসা রক্ষা করতে যথাসাধ্য চেষ্টা করব। ভবিষ্যতেও সুখে-দুঃখে তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
এসময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ মোহাম্মদ আবদুল হান্নান খান, বদরগঞ্জ উপজেলা আমির মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।