বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯

তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীর খিলক্ষেতে তেজগাঁও কলেজের ছাত্র ইকরাম হোসেন মোল্লাকে (২২) হত্যা করার অভিযোগে করা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. সিদ্দিক (২৩) ও মো. শান্ত মিয়া (২২)।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি লাশ গুমের অপরাধের জন্য তাদেরকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। 

জরিমানা অনাদায়ে তাদেরকে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ মে রাতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে ইকরামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু শান্ত মিয়া ও সিদ্দিক। 

এরপর খিলক্ষেত থানাধীন পাতিরা ও ডুমনি এলাকার মাঝামাঝি বসুন্ধরা বালুর চরে নিয়ে তাকে হাতুড়ি ও ভোমর দিয়ে আঘাত করে এবং এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যা করা হয়। 

হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে পাশের একটি ডোবায় ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রাখা হয়। 

২০২৩ সালের ৬ মে পুলিশ ওই স্থান থেকে ইকরামের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেন মোল্লা বাদী হয়ে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। 

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে ১৭ জন সাক্ষী বিভিন্ন সময় আদালতে সাক্ষ্য প্রদান করেন।