শিরোনাম

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, গত ১৭ বছর চট্টগ্রাম অবহেলিত ছিল। আক্ষরিক অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকারের সময়ে সেই ওয়াদা বাস্তবায়ন করা হবে। চট্টগ্রামের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ শনিবার সকালে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ বোস্তামীর আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়েছি, তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ তারই একটি অংশ।
দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে জানিয়ে মীর হেলাল বলেন, এ অঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পাহাড়ি-বাঙালি সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাব। গত ১৭ বছরে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীরা জোরালো ভূমিকা রেখেছেন। তাদের অবদান মূল্যায়ন করেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর হেলাল বলেন, ‘এটি মানুষের ভালোবাসা। আমার নেতা তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন’।