শিরোনাম

রাজশাহী, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজশাহী মহানগর এবং আশপাশের উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটির প্রথম প্রহরে রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে নতুন শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। এর আগে মন্ত্রী শহীদ মিনার চত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন।
উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।
মন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেখানে রাজশাহী রেঞ্জ পুলিশ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী জেলা পুলিশ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাজশাহী মহানগর বিএনপিসহ অন্যান্য সংস্থা পুষ্পস্তবক কর্পণ করে। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাতেই শহীদ মিনারটি এবং চারপাশ কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে যায়।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়েছে।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাদ যোহর ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। রাজশাহী মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।