বাসস
  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৫

রমজান মাসে ৬৩০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি বগুড়ায়

শুক্রবার সকাল ৮টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে প্রতি কেজি মাংস ৬৩০ টাকায় বিক্রি করা হয়। দুই ঘণ্টার মধ্যে দুটি গরুর প্রায় ১০ মণ মাংস বিক্রি শেষ হয়ে যায়। ছবি: বাসস

বগুড়া, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাসে সব শ্রেণি-পেশার মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে গরুর মাংস বিক্রি করা হয়েছে বগুড়ায়। 

আজ শুক্রবার সকাল ৮টায় শহরের শহীদ খোকন পার্কের সামনে প্রতি কেজি মাংস ৬৩০ টাকায় বিক্রি করা হয়। দুই ঘণ্টার মধ্যে দুটি গরুর প্রায় ১০ মণ মাংস বিক্রি শেষ হয়ে যায়।

বগুড়া জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের অনুমতিক্রমে এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। গ্রোআপ মিট প্রজেক্টের সহযোগিতায় তাদের খামারের দুটি গরু জবাই করে সরাসরি বিক্রি করা হয়। আড়াইশো গ্রাম থেকে সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত মাংস বিক্রির ব্যবস্থা ছিল।

গ্রোআপ মিট প্রজেক্টের ফিল্ড অফিসার জিহাদ জানান, তাদের খামারে প্রাকৃতিক খাবার দিয়ে গরু লালন-পালন করা হয়। সেখান থেকেই দুটি গরু জবাই করে বিক্রি করা হয়েছে।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রায়হান বলেন, রমজান মাসজুড়ে প্রতি শুক্রবার এভাবে গরুর মাংস বিক্রি করা হবে। সব শ্রেণির মানুষ যেন সাশ্রয়ী দামে মাংস কিনতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। বাজারদরের চেয়ে কম দামে এবং প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণেও মাংস কিনতে পারায় সাধারণ ক্রেতারা উপকৃত হচ্ছেন।