শিরোনাম

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : আন্তঃজেলা গরু চোর, ডাকাতি এবং মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল করিমকে (৩৭) গ্রেপ্তার করেছে চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বুধবার দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা এলাকা থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল করিম উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী ৪ নম্বর ওয়ার্ডের নাহিদের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে।
ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তার করিমের বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা, মীরসরাই, ফটিকছড়ি, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার চান্দিনা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠান বলে তিনি জানান।