বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে মারি মাসদুপুই সাক্ষাৎ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টার পরিদর্শন করেন। বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক ও সন্ত্রাসবিরোধী কাজে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন। 

সিটিটিসির সক্ষমতা ও প্রযুক্তিগত বিভিন্ন পদক্ষেপ ও ডগ স্কোয়াডের কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

এছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিমের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে সিটিটিসি’র চলমান কার্যক্রম ও প্রযুক্তি নির্ভর পুলিশিংয়ে  পারস্পরিক সহায়তার বিষয়ে বিশেষ এক মতবিনিময় সভা করেন।