শিরোনাম

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
বুধবার ডিবিএ’র পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম এই অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা—এই দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ডিবিএ মনে করে, সরকারের এ দূরদর্শী সিদ্ধান্ত দেশের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করবে।
শুভেচ্ছা বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, সাকি একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি দেশের মানুষের আর্থ-সামাজিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো নির্মাণ, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণ, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা বৃদ্ধি এবং পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে তাঁর সুস্পষ্ট অবস্থান সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে বলেও উল্লেখ করা হয়। একটি শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ডিবিএ সম্মিলিতভাবে কাজ করে যাবে ডিবিএ।