বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৪

এমআইএসটি ও বিইপিআরসি’র উদ্যোগে ক্লিন এনার্জি রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম 

ছবি: এমআইএসটি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : এমআইএসটি এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর যৌথ উদ্যোগে ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর বাংলাদেশ’স ক্লিন এনার্জি ট্রানজিশন’ শীর্ষক একটি সিম্পোজিয়াম মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

দেশের টেকসই ও নিরাপদ জ্বালানি ভবিষাৎ বিনির্মাণে উদ্ভাবনী পথ অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইপিআরসি’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বিইপিআরসি’র সদস্য (অতিরিক্ত সচিব) ড. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ইইসিই বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এ ধরনের জ্ঞানবিনিময়মূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরে নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তিতে এমআইএসটি’র চলমান গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর আলোকপাত করেন। বিশেষ অতিথি সরকারের জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে গৃহীত বিভিন্ন কৌশলগত উদ্যোগ ও নীতিমালার বিষয় তুলে ধরে জ্বালানি উৎসের বৈচিত্র্য, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রধান পৃষ্ঠপোষক দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অপরিহার্য উল্লেখ করে বলেন, নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগা জ্বালানি সরবরাহ নিশ্চিত করা ছাড়া কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়। প্রধান অতিথি নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে একাডেমিয়া, শিল্পখাত ও সরকারি সংস্থার সমন্বিত ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপান্তরের আহ্বান জানান।

আয়োজিত এই সিম্পোজিয়ামের কারিগরি সেশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমসাময়িক গবেষণা ও উদীয়মান প্রযুক্তি নিয়ে পাঁচজন বিশিষ্ট বক্তা বিস্তারিত আলোচনা করেন। বিইপিআরসি’র ড. হাসান মাহমুদ বিদ্যুৎ খাতে সরকারি সহায়তাপ্রাপ্ত গবেষণার অগ্রাধিকার ও অর্থায়নের সুযোগ তুলে ধরেন। 

ব্রিগেডিয়ার জেনারেল একেএম খবিরুল ইসলাম ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণ ও কার্বন নিঃসরণ হ্রাসে গ্রিড হাইড্রোজেনের কৌশলগত গুরুত্ব ব্যাখ্যা করেন। লংগি সোলারের আশিক মাহমুদ উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার সেল প্রযুক্তির সাম্প্রতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রবণতা উপস্থাপন করেন। 

মেজর শাহ মোয়াজেম হোসেন নবায়নযোগ্য জ্বালানির অধিকমাত্রায় সংযুক্তির ক্ষেত্রে মিডইনভাটার ইন্টারঅ্যাকশনের চ্যালেজ এবং গ্রিড স্থিতিশীলতা নিশ্চিতকরণে উন্নত নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। রিভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং-এর মো. জাহাঙ্গীর আল জিলানি বর্তমান জ্বালানি বাজারের গতিশীলতা বিশ্লেষণ করে গবেষণাভিত্তিক উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইইসিই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এ আয়োজন দেশের ক্লিন এনার্জি রুপান্তর ত্বরান্বিত করতে গবেষণা উৎকর্ষ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক সহযোগিতা জোরদারে এমআইএসটি ও বিইপিআরসি’র দৃঢ় অঙ্গীকারকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে।