বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি

শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। তার পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ বশিরউদ্দীনকে তার অভিপ্রায় অনুযায়ী অব্যাহতি প্রদান করা হয়েছে। 

এর আগে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের আবেদন করেন শেখ বশিরউদ্দীন।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন এই এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়।