বাসস
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৭

প্রধানমন্ত্রীর নীতি ও আদর্শে দেশ গড়তে হবে : এমপি কামরুজ্জামান

সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মো. কামরুজ্জামান রতন বলেছেন, সন্ত্রাস, চাদাঁবাজ ও টেন্ডারবাজির সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে, দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।

আজ বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

এমপি কামরুজ্জামান রতন বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন আমাদের বিভেদের রাজনীতি নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। অপরাধীরা শাস্তি পাবে। নিরাপরাধ কেউ শাস্তি পাবে না। ব্যক্তির দায় কখনো দল নিবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কাজে বিশ্বাস করেন, আমিও কাজে বিশ্বাস করি। মুক্তারপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণ মেডিকেল কলেজ স্থাপনসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এরাদত হোসেন মানু, জেলা বিএনপির সদস্য শহীদ কমিশনার, সাংবাদিক মঞ্জুর মোর্শেদ, আরিফ উল ইসলাম, মীর নাছির উদ্দিন উজ্জল, শহীদ ই হাসান তুহিন, মো. মাহবুবুর রহমান, মোজাম্মেল হোসেন সজল, কাজী সাব্বির হোসেন দীপু, গুলজার হোসেন সোনিয়া হাবিব লাবনী প্রমুখ।