শিরোনাম

বরিশাল, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : দীর্ঘ তিন যুগের অবসান ঘটিয়ে অবশেষে মন্ত্রী পেলো বরিশাল।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল ১ আসন (গৌরনদী ও আগৈলঝাড়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। এতে করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতেছেন বরিশালবাসী।
এখানকার সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, বরিশাল সব সময় অবহেলিত জনপদ। আওয়ামী লীগ শাসনামলে বরিশাল থেকে শুধু মাত্র প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিলো, তবে এবার পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় আমরা আনন্দিত। বিএনপির দুঃসময়ে বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ছিলেন জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলার সরিকলের বাসিন্দা জহির উদ্দিন স্বপন এবারের নির্বাচনে ১ লাখ ৫৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু বলেন, ১৯৭২ সালে প্রথম মন্ত্রী পায় বরিশাল। এরপর ১৯৮৬ সালে সবশেষ পূর্ণ মন্ত্রী পায় বরিশালবাসী। এরপর বরিশালে আর কোনো পূর্ন মন্ত্রী পদে কেউ শপথ গ্রহণ করেনি। তিনযুগ পর বরিশালে বিএনপি সরকার থেকেই পূর্ণ মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত।
বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিণ বলেন, অবশ্যই আনন্দের খবর আমাদের জন্য। বরিশাল অঞ্চলে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে মন্ত্রী পাওয়ায় আমরা বিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞ। সামনে আমরা আরও কিছু মন্ত্রণালয় পাবো আশা করছি।
প্রসঙ্গত, জহির উদ্দিন স্বপন ২০০১ সালে বরিশাল ১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ৮১ হাজার ৭৯১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার কাছে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহ।