শিরোনাম

আবু নাঈম
পঞ্চগড়, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এবার পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এদিকে, মন্ত্রিসভায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ-উচ্ছ্বাস। করেছেন মিষ্টি বিতরণও।
আজ মঙ্গলবার বিকেলে বোদা উপজেলার আয়োজনে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে একইস্থানে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এতে অংশ নেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফিরদোস চিন্ময় প্রমুখ।
একই দিন বিকেলে ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ বড় পর্দায় সরাসরি দেখার আয়োজন করে উপজেলা প্রশাসন।
ফরহাদ হোসেন আজাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসন থেকে নির্বাচিত হন।
জানা গেছে, বিএনপি কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় গেলেও পঞ্চগড়-২ আসন থেকে দলটির কোনো সংসদ সদস্য মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এবারই প্রথম সেই ইতিহাসের পরিবর্তন হলো। যদিও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের সময়ে এ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দলীয় নেতাকর্মীরা বলছেন, পঞ্চগড়-২ আসন থেকে এর আগে বিএনপির কেউ প্রতিমন্ত্রী বা মন্ত্রিসভায় স্থান পাননি। ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার ফলে বোদা ও দেবীগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ স্বতস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়েছেন। এর প্রতিদানস্বরূপ দলের চেয়ারম্যান আমাদের এমপিকে প্রতিমন্ত্রী করেছেন, এজন্য দলের চেয়ারম্যানের প্রতি আমরা কৃতজ্ঞ।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বলেন, পঞ্চগড়-২ আসন থেকে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হওয়া নিঃসন্দেহে জেলার জন্য গৌরবের বিষয়। আমরা আশা করি, ফরহাদ হোসেন আজাদ গণমাধ্যমবান্ধব থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ হোসেন আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সফিউল আলম পান এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।