বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২

খুলনার নলিয়ানে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা কোস্ট গার্ডের

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): খুলনার নলিয়ানে ‘তারুণ্যের উৎসব ২০২৬’ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড। 

আজ (সোমবার) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম আরও জানান, এরই ধারাবাহিকতায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনার দাকোপ থানার নলিয়ান ও তৎসংলগ্ন এলাকায় ‘তারুণ্যের উৎসব ২০২৬’ শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। সেখানে দেড় শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেওয়া হয়।

এছাড়াও দেশপ্রেম, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও অগ্নি নির্বাপণ বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালায় স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ নেন।

সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।