বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৭

রমজান উপলক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ডিএমপির সমন্বয় সভা

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে ঢাকা মহানগরীর বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান। 

ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি বিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আসন্ন পবিত্র রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। 

রমজান মাসে যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় ও পথচারী চলাচলের রাস্তা ফুটপাত ব্যবহার করে মানুষ যেন অনায়াসে চলাফেরা করতে পারে সেজন্য পুলিশের পাশাপাশি আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। 

প্রতিটি শপিংমলের সামনে এবং আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।

সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মো. সরওয়ার।

আসন্ন পবিত্র রমজানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  তাদের মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।