বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৭

সংস্কারকে ঘিরে গণভোটের পুরোটাই মানতে হবে: ডা. শফিকুর রহমান

ছবি: বাসস

কিশোরগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংস্কারের ওপর যে গণভোট হয়েছে এটার পুরাটাই মানতে হবে। এর কোন খন্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না।

আজ রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা ফেরিঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশটাতো সংসদ থেকেই পরিচালিত হবে। সংসদে একটা দল সরকারি দল হিসেবে আরেকটা দল বিরোধী দল হিসেবে থাকবে। সরকারি দল যদি ইতিবাচক কার্যক্রম পরিচালনা করে আমাদের সহযোগিতা থাকবে। জনস্বার্থ বিঘ্নিত হলে আমরা জনগণের পক্ষে অবস্থান নেব এবং আমাদের অবস্থান হবে ক্লিয়ারকার্ড। 

তিনি বলেন, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সংসদে এমন মানুষ যাওয়া দরকার যে নিজের স্বার্থ দেখবে না, ১৮ কোটি মানুষের স্বার্থ দেখবে। কারো ওপর সামান্য অবিচার হলেই আমরা প্রতিবাদ করব।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, তারেক সাহেব কি নিয়ে আলাপ করবেন এটা উনার মনের ব্যাপার। তবে আমরা দেশ ও জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলাপ করব।

শক্তিশালী বিরোধীদল প্রসঙ্গে তিনি বলেন, সংসদ চলতে হলে তো সরকারি দল ও বিরোধী দল লাগবেই। দেশ সঠিক পথে চালাতে সরকারি দল ও বিরোধীদলের হাতে হাত রেখেই চলবে হবে। 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঞা, কাপাসিয়ার নবনির্বাচিত এমপি সালাউদ্দিন আইয়ুবী এবং ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

এরআগে তিনি সকাল ৮টায় সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছান। পরে সকালে নিকলী উপজেলার শিমুলবাঁক এলাকায় নিহত জামায়াত সমর্থক শাহ আলমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। তিনি নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় আরেক জামায়াত কর্মী আব্দুস সালামের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন।