শিরোনাম

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর বংশাল থানার কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশাল থানা পুলিশ একই দিন রাত সাড়ে ১১টার দিকে বংশাল থানার নাজিম উদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সাথে জড়িত সোহেল, সায়াতুল্লাহ ওরফে আকাশ, আব্দুর রহমান ভিকি ও সীমাকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৮ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা চোরাই বাইসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বাইসাইকেল চুরি করে ও চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল থানা এলাকায় বিক্রি করতো। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।