বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩১

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়ে আইডিইবি’র অভিনন্দন

ফাইল ছবি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)। 

আইডিইবি একই সঙ্গে বিএনপি’র নেতা-কর্মী ও দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। 

ইনস্টিটিউশনের আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন ও সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ এই অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের পর ব্যাপক ভোটারের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি’র এই বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব জনগণের কাছ থেকে যে আস্থা ও অপ্রতিরোধ্য সমর্থন পেয়েছে, সেটি জাতির ভবিষ্যতের জন্য বিএনপি’র দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি প্রতিফলিত হয়েছে। 

এতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অগ্রগতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রতিফলন বলে এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বিশ্বাস করে।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালীকরণ ও জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে সকল নাগরিকের ভাগ্যান্নয়নের প্রত্যাশাকে এগিয়ে নেবে। 

জাতির এই অগ্রগমনের পথে বিএনপি’র ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে মানব সম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ও প্রযুক্তির বিকাশের মাধ্যমে দক্ষতা উন্নয়নপূর্বক কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি প্রবর্তনের প্রস্তাবনার প্রতি আইডিইবি’র কর্মপ্রয়াস অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিবৃতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানোন্নয়ন ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণে ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।