শিরোনাম

লালমনিরহাট, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, বিজয়ীদের প্রথম দায়িত্ব হলো পরাজিতদের নিরাপত্তা নিশ্চিত করা। আমার এলাকায় কারো প্রতি এক চুল পরিমাণ অন্যায়ও সহ্য করব না।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের বিজয়ী সংসদ সদস্য। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে হাসান রাজীব প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি রাজনীতি থেকে ইনকাম করতে আসিনি, আমি মানুষের সেবা করতে এসেছি। যারা এই মানসিকতা পোষণ করেন তারা আমার সঙ্গে থাকবেন। আর যারা মনে করেন, রাজনীতি মানে ধান্দাবাজি, তারা আমার সঙ্গ থেকে বিদায় নিয়ে চলে যাবেন।’
হাসান রাজীব বলেন, ‘এ বিজয় সবার অর্জন। সবার আগে দেশকে প্রাধান্য দিতে হবে। কারও ব্যক্তিগত স্বার্থে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, রাজনীতি হলো মানুষের কল্যাণে কাজ করা। যদি কোনো নেতাকর্মী মনে করেন, রাজনীতি থেকে ব্যবসা-বাণিজ্য করবেন, তাহলে অন্য কিছু চিন্তা করুন। আমার কাছে কেউ অন্যায় সুযোগ-সুবিধা পাবেন না।
পাটগ্রাম-হাতীবান্ধা আসনে মো. হাসান রাজীব প্রধান (ধানের শীষ) ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট।