বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

ঢাকা-১৩ আসনে একযোগে সব খাতের উন্নয়নে কাজ শুরু করব : ববি হাজ্জাজ

ফাইল ছবি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, তিনি এলাকায় সব খাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন একযোগে শুরু করবেন।

তিনি বলেন, ‘দেশ ও এলাকার সার্বিক অগ্রগতির জন্য সব ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়ে কাজ করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বাসস’কে তিনি বলেন, ‘আমরা কাজ করছিলাম যাতে আরও বড় পরিসরে কাজ করতে পারি। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, এখন দিন-রাত সেই দায়িত্ব পালন করব।’

জয়ের পেছনে নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কারও অবদান কম করে দেখার সুযোগ নেই। কাছে বা দূরে থেকে যারা কাজ করেছেন, আমাকে সমর্থন দিয়েছেন এবং দেশকে ভালোবাসেন সবারই অবদান রয়েছে।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে কাজ করব, বাস্তবায়ন করব এবং তা ধরে রাখার চেষ্টা করব। এটি একটি চলমান প্রক্রিয়া। তাই সবসময় এলাকার জন্য কাজ করতে থাকব।’

তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব নেতাকর্মীদের নিয়ে জনগণের সেবায় কাজ শুরু করা হবে। আমাদের দায়িত্বপ্রাপ্ত সেবাগুলো শুরু করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ‘সন্ত্রাস দমন, এলাকার ও রাস্তাঘাট উন্নয়নসহ অন্যান্য সব খাতে একসঙ্গে কাজ করতে হবে। কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা যাবে না।’

জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মামুনুল হকের চেয়ে ২ হাজার ৩২০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন।

তিনি ‘ধানের শীষ’ প্রতীকে ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মো. মামুনুল হক ‘রিক্সা’ প্রতীকে ৮৬ হাজার ৬৭ ভোট পেয়েছেন।