শিরোনাম

দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : দিনাজপুর-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জামায়াত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।
গতকাল শুক্রবার রাতে দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার পৌর এলাকায় বিজয়ী এবং পরাজিত সংসদ সদস্য প্রার্থীর মধ্যে সৌহার্দ্য পরিবেশে সৌজন্য সাক্ষাতে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনকে অভিনন্দন জানান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার বিজয়ের জন্য শুভ কামনা প্রকাশ করেন।
গতকাল রাতে ডা. এজেডএম জাহিদ হোসেন বাসসকে বলেন, নির্বাচন শেষ হয়েছে—এখন এলাকার উন্নয়নে কাজ করবো। পারস্পরিক সহযোগিতায় জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। এলাকার জনগণের উন্নয়নের ক্ষেত্রে আমরা কোন দলই দ্বিমত পোষণ করব না।
তিনি বলেন, বিগত সময়ে বঞ্চিত ও পিছিয়ে পড়া এ দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলার জনগণ দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবেন ইনশাআল্লাহ।
ডা. জাহিদ হোসেন বলেন, এখন আমার নির্বাচণী এলাকার মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার দৃশ্যমান উন্নয়নের মাধ্যমে যেন প্রতিফলন ঘটাতে পারি, এ জন্য তিনি সকলের কাছে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এই দ’ই শীর্ষ পর্যায়ের নেতা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুণর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ড. মহাদ্দেস এনামুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।