বাসস
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০

সবাই মিলে সুখী-সমৃদ্ধ সিলেট গড়বো : খন্দকার আবদুল মুক্তাদীর

ফাইল ছবি

সিলেট, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ৪২ হাজার বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খন্দকার আবদুল মুক্তাদীর।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা মুক্তাদীর ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।

গতকাল শুক্রবার বিকালে জয়ের প্রতিক্রিয়ায় খন্দকার আবদুল মুক্তাদীর বাসসকে বলেন, প্রথমেই আল্লাহ তা’আলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি।

তিনি বলেন, সিলেটের জনগণ নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন। এবার শুধু পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা সবাই মিলে সুখী-সমৃদ্ধ সিলেট গড়বো ইনশাআল্লাহ।

দেশের গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তাঁর বাসায় গিয়ে দেখা করেছি। আমরা একসঙ্গে কাজ করতে চাই, দেশের গণতান্ত্রিক সংস্কৃতি আরও সুদৃঢ় করতে চাই। এই দেশে জবাবদিহি সংস্কৃতি চালু করতে চাই।

সংসদে গিয়ে নির্বাচনের আগে যে সব উন্নয়ন পরিকল্পনা নিজের ইশতেহারে তুলে ধরেছেন সেগুলো ধরে অগ্রাধিকারভিত্তিতে কাজ শুরু করবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, খন্দকার আবদুল মুক্তাদীরের বাবা খন্দকার আবদুল মালিক বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৭৯ সালে সিলেট-৮ (বর্তমান সিলেট-১) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনেও তিনি সিলেট-১ আসন থেকে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। ১৯৯৬ সালের ৬ষ্ঠ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন।