বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৭

নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বিএনপি : সালাহউদ্দিন আহমদ 

ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বিএনপি।’

তিনি বলেছেন, ‘আমরা একে শুধু বিজয় বলছি না, বরং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছি। বিএনপি অবশ্যই জন-আকাঙ্ক্ষা পূরণ করবে।’

আজ শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মী ও নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছায় সিক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে দেশ পরিচালনার রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করতে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখবে।’

‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ গঠনই লক্ষ্য।’

সরকার গঠনের পরে আন্তর্জাতিক বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখবে বলেও জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।